ঈদের পরে অ্যাপে ই-কমার্সের অভিযোগ নিষ্পত্তি

২৭ এপ্রিল, ২০২২ ১২:৩৮  
ই-কমার্সের গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ঈদের পরে বিশেষ একটি অ্যাপ ব্যবহার করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল। এরই মধ্যে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনার এই বিশেষ অ্যাপটি (CCMS) প্রস্তুত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই)। মঙ্গলবার কাওরান বাজারের জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের অফিসে অ্যাপটির ডেমো উপস্থাপন করেছে এটুআই টিম। ডেমো প্রদর্শনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন, ঈদের পরই পাইলট রান করার জন্য অ্যাপটির বেটা সংস্করণ উন্মোচন করা হবে। আশা করা যায় জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সিসিএমএস প্লাটফর্মে গ্রাহক/ক্ষতিগ্রস্তদের ই-কমার্স বিষয়ক সকল অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। ই-কমার্সের বিপর্যয় রোধে অ্যাপটি গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সূত্রমতে, অ্যাপটি তৈরিতে সরকারকে বিশেষ সহযোগিতা করেছে ই-ক্যাব। ফলে অ্যাপটির ডেমো প্রদর্শনী অনুষ্ঠানে ই-ক্যাবের ভাইস প্রেসিডন্ট সিহাব শিপন ছাড়াও একশপ লিড রেজওয়ানুল হক জামি উপস্থিত ছিলেন।